প্রিন্ট এর তারিখঃ Oct 29, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jun 27, 2026 ইং
কুকুরের গলায় দড়ি দিয়ে ইট বেঁধে নদীতে নিক্ষেপের অভিযোগে যুবক আটক

নরসিংদীতে একটি জীবন্ত কুকুরের গলায় দড়ি দিয়ে ইট বেঁধে সেতুর ওপর থেকে নদীতে নিক্ষেপের অভিযোগে মোহাম্মদ আলী (২৫) নামে এক যুবককে আটক করা হয়েছে। গত বৃহস্পতিবার বিকেলে সদর উপজেলার কামারগাঁও এলাকা থেকে তাকে আটক করা হয়। তিনি ওই এলাকার আব্দুর রবের ছেলে।
জানা গেছে, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়। যেখানে দেখা যায়- একটি জীবন্ত কুকুরের গলায় দড়ি দিয়ে ইট বেঁধে সেতুর ওপর থেকে মেঘনার শাখা নদীতে ফেলে দেওয়া হয়। ভিডিওটি ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়।
ভিডিওটি নজরে আসার পর নরসিংদী জেলা ছাত্রদলের সভাপতি সিদ্দিকুর রহমান নাহিদের উদ্যোগে অভিযুক্তকে শনাক্তের চেষ্টা শুরু হয়। বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম ও সংগঠনের গ্রুপে তথ্য ছড়িয়ে দিয়ে তাকে খুঁজে বের করার উদ্যোগ নেওয়া হয়। একপর্যায়ে তার অবস্থান নিশ্চিত হয়ে ছাত্রদলের কর্মীরা তাকে আটক করে পুলিশের হাতে তুলে দেন।
জেলা ছাত্রদলের সভাপতি সিদ্দিকুর রহমান নাহিদ বলেন, ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর আমরা বিষয়টিকে গুরুত্ব সহকারে দেখি। সংগঠনের নেতাকর্মীদের মাধ্যমে অভিযুক্তের পরিচয় ও ঠিকানা শনাক্ত করা হয়। পরে তাকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) সুজন চন্দ্র সরকার বলেন, একটি কুকুরকে গলায় দড়ি বেঁধে নদীতে ফেলে দেওয়ার ঘটনাটি পুলিশের নজরে আসে। পরে অভিযুক্তকে শনাক্ত করে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
© সকল কিছুর স্বত্বাধিকার NNTV